কলকাতা: চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের পর জুলাই মাসের ১৬ তারিখ রথ যাত্রার দিন সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। রাজ্যসভায় পদত্যাগী তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনেই এবার হবে ভোট। দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।
আগামী ১৬ অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে হবে ভোট। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, দুর্গাপুজোর ষষ্ঠী অর্থাৎ দেবী দুর্গার বোধন-এর দিনেই হচ্ছে ভোট। ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই দিনে হবে গণনা ও ফলপ্রকাশ। মনোনয়ন জমার শেষ দিন ৬ অক্টোবর, প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশের ১০ ও উত্তরাখণ্ডের ১টি রাজ্যসভা আসনেও হবে এই দিনে নির্বাচন। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আরও পড়ুন - পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৯৩৩টি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কারণ কী ?
চলতি বছরের বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন তৃণমূল কংগ্রেস দলের চারজন। কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২৬-এর ভোটে উল্টে যায় খেলা। ভোটে হেরে তাসের দেশের মত ভেঙে পড়ে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই সদ্য নির্বাচিত হওয়া রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী। কোয়েলের আগে তৃণমূলের আরও তিন রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদ ছেড়েছিলেন। পরবর্তী সময়ে ওই তিন প্রাক্তন সাংসদ বিজেপির প্রার্থী হিসেবে আবার রাজ্যসভায় নির্বাচিত হন।
উল্লেখ্য, রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন কোয়েল মল্লিক। ২০ জুলাই প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল। সেই অধিবেশনে যোগদান করলে, সেটাই হত কোয়েল মল্লিকের প্রথম অধিবেশন। তার আগেই ইস্তফা দেন তিনি।
