অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আজ ভোরে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'মুরাসু'। মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যে, ওঙ্গোলের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা। যদিও, এই নিয়ে পশ্চিমবঙ্গে আপাতত কোনও সতর্কতা নেই। তবে চলছে নজরদারি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কলকাতা-সহ ৯-১০টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Continues below advertisement

কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া 

আজ উত্তরবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ, কখনও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের ১-২ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আজ। বাকি উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

Continues below advertisement

ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া 

আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ কিংবা কোথাও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় থেকে দশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা 

পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা নেই। তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশা উপকূলে ২ নভেম্বর সকাল থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে, কখনও বা ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ২ নভেম্বর সন্ধ্যা থেকে ৩ নভেম্বর দুপুর পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে, কখনও বা ৭০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবী জন্য বাংলার উপকূলে কোনও সতর্কতা নেই। তবে ২ থেকে ৪ নভেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।