কলকতা : একটা গভীর নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও একটা নিম্নচাপের ফলা। দেবীপক্ষের শুরুতেও বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গ। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কার মতে, এখনই বৃষ্টি থেকে মুক্তি মিলবে না। আগামী  কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। একটি নতুন নিম্নচাপ অঞ্চল এখন  থাইল্যান্ডের উপর অবস্থান করছে। সেই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর আন্দামান সাগরের দিকে অগ্রসর হবে। মায়ানমারের আরাকান উপকূল বরাবর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে প্রবেশ করতে পারে  উত্তর-পূর্ব ভারতে ও  বাংলাদেশে। পরবর্তীতে সেই নিম্নচাপই পশ্চিমবঙ্গ ও সিকিমের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে সিকিম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।

Continues below advertisement

এখনও এই  নিম্নচাপ অঞ্চলের আগামী গতিপ্রকৃতি নিয়ে বড় কোনও পূর্বাভাস করা যাচ্ছে না যদিও। তবে স্বাভাবিক নিয়মে এগোলে , এই নিম্নচাপ দুর্যোগ ডেকে আনতে পারে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অসমের কিছু অংশ, মণিপুর ও অরুণাচল প্রদেশের দক্ষিণ দিকের পাহাড়ি এলাকায়। প্রভাব পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গেও। এরপর এই সিস্টেম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগোলে দক্ষিণবঙ্গের উপকূল এলাকাতে প্রভাব ফেলতে পারে। ফের টানা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।          

এই নিম্নচাপ বাধা হয়ে দাঁড়াতে পারে উত্তর-পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শুষ্ক ও ঠান্ডা বাতাসের স্বাভাবিক প্রবাহে ।নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসে, তাহলে উত্তর-পশ্চিমের বাতাসের প্রবাহে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। 

Continues below advertisement

তবে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম হবে।  বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু অংশ এবং পশ্চিম বর্ধমানে সামনের সপ্তাহ থেকে রাতের তাপমাত্রা কমে যেতে পারে। তবে নতুন নিম্নচাপের প্রভাব উত্তর-পূর্ব ভারত হয়ে সিকিমে যথেষ্ট বেশি হতে পারে। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মেঘলা আবহাওয়া এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে।                      

এই মুহূর্তে আবহাওয়ার যা গতিপ্রকৃতি, পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ে কিছুটা দেরি হতে পারে। এমন পরিস্থিতি চললে উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় শুরু হতে  ৬–৮ অক্টোবর ও দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় হতে পারে ৯–১২ অক্টোবর থেকে।