কলকাতা: শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বৃষ্টির মরসুম। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাল্ফ অফ মানারে ঘূর্ণাবর্ত, আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াবে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। কাল পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে, জানাল আবহাওয়া দফতর। তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত রাতের দিকে তাপমাত্রা সামান্য কমলেও, তাকে শীত বলা চলে না। বলা যায়, হাওয়ায় একটা হিমেল আমেজ এসেছে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল থেকে কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে তাপমাত্রা কমবে, সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। তবে এখনও পর্যন্ত ব্যাপক পারদ পতনের সম্ভাবনা নেই। বরং নভেম্বরের মাঝামাঝিও রোদ উঠলে তা গায়ে জ্বালা ধরাচ্ছে এখনও।
কবে আসবে শীত? ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি?
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা ছিল বলে মঙ্গলবারের পূর্বাভাসে জানানো হয়েছিল। ঝড়বৃষ্টির সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার, ১৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তবে তাপমাত্রার পরিবর্তনের দিকে নজর থাকবে। বিশেষ করে রাতের দিকে পারদ কিছুটা নামলে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে কবে পাকাপাকিভাবে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে শীত পড়বে, সেই ইঙ্গিত এখনও আবহাওয়া দফতর সঠিকভাবে দিতে পারেনি। বারে বারে বৃষ্টি আসার ফলে, পিছিয়ে যাচ্ছে শীতের স্পেল।
আরও পড়ুন: Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
