কলকাতা : SIR ঘিরে রাজ্যে রাজনৈতিক সংঘাত চলছেই। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে আগামী ২৮ ফেব্রুয়ারিই। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিকে পশ্চিমবঙ্গে ১ দফায় ভোট করতে তারা প্রস্তুত বলে খবর CEO দফতর সূত্রেও। এই আবহে চর্চা শুরু হয়েছে, রাজ্যে ভোট কবে ? মাঝ এপ্রিলেই রাজ্যে বিধানসভা ভোট হতে পারে ? এমন জল্পনা শুরু হয়েছে। এক থেকে দুই দফায় ভোট হতে পারে। দোলের পরেই রাজ্যে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে খবর কমিশন সূত্রে।

Continues below advertisement

এবার কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে পারে এক দফায় ? জল্পনা উস্কে শুক্রবার মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে দাবি করা হয়েছে, তারা পশ্চিমবঙ্গে ১ দফায় ভোট করতে প্রস্তুত। এমনকী জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে পরামর্শ চাইলেও, CEO দফতর থেকে এক দফায় ভোট করার কথা জানানো হবে বলেই সূত্রের দাবি।

কত দফায় ভোট হবে, তা অনেক ক্ষেত্রে নির্ভর করে, কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, তার উপরেও। ২০২১-এ ৮ দফায় বিধানসভা ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। যা এখনও অবধি সর্বাধিক। সেবার সর্বোচ্চ ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন।  এখন সবথেকে বড় প্রশ্ন হল, এবার কী হবে?

Continues below advertisement

পশ্চিমবঙ্গে ২০১১ সালে বিধানসভা ভোট হয়েছিল ৬ দফায়। ২০১৬ সালে ৬ দফায়, ২০২১ সালে ৮ দফায়। ২০১৪, ২০১৯ এবং ২০২৪--- তিনটে লোকসভা ভোটই এরাজ্য়ে হয়েছে ৭ দফায়। এবার কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সবটাই ঠিক হবে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর। জানা গেছে, SIR-এর শুনানি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 

সোমবারই SIR প্রক্রিয়ার সময়সীমা ৭ দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই ১৪ দিন পিছিয়ে গেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে-SIR-এর শুনানি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এদিকে ১ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব DEO, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। কমিশনের এই উচ্চ পর্যায়ের টিম কথা বলবে এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও।