বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই - বিতর্ক ক্রমশ জটিল আকার নিচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সই মিলছে না অনেক বিধায়কের? তদন্তে পুলিশ, সঙ্গে সিআইডি-র হ্যান্ডরাইটিং এক্সপার্ট !  বৃহস্পতিবারই কয়েকজন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিন্হার বাড়িতেও পৌঁছল CID টিম।

Continues below advertisement

কী নিয়ে শুরু বিতর্ক?

সূত্রের খবর, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব নেয় তৃণমূল। সেই প্রস্তাবে দলের বিধায়কদের সই-সহ নথি জমা দেওয়া হয় বিধানসভায়। কিন্তু সেই নথিতে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধানসভার আধিকারিকরা। এরপরই বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে CID-র হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Continues below advertisement

নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও CID

বৃহস্পতিবার চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সই না মেলার প্রসঙ্গে নিজের বক্তব্যও জানিয়েছেন তিনি। নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, “৬ তারিখে আমাদের একটা ...বৈঠক ডাকা হয়েছিল দলীয়ভাবে।  সবাই মিলে শোভনদেব চট্টোপাধ্য়ায়, শোভনদাকে আমরা বিরোধী দলনেতাকে আমরা সিলেক্ট করি।  এবার ৪ তারিখ থেকে এতবার ব্লক লেটারে লিখে তারপর...সই করতে গেছি, সইয়ের জায়গা ছিল না। বললাম শেষ হয়ে গেল, সইয়ের তো জায়গা নেই। তো বলল ঠিক আছে।  আজকে CID এসেছেন...আমি যখন বলছি যে, এটা আমারই লেখা, আমি উপস্থিত ছিলাম। জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি।”

‘ওই সই আমি করিনি’, বিস্ফোরক দাবি বাহারুল ইসলামের

অন্যদিকে, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের দাবি আরও চাঞ্চল্যকর। তাঁকে যে সই দেখানো হয়েছে, তা তিনি করেননি বলেই দাবি করেছেন তিনি। বাহারুল ইসলাম বলেন, “আমাকে যখন বলল ৬ তারিখ আপনি কোথায় ছিলেন? সেক্ষেত্রে আমি বললাম, যে ভাঙড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে আমি ৬ তারিখ বাড়ি থেকে বেরোইনি। আমি বাড়িতেই ছিলাম। সেক্ষেত্রে বলল যে, আপনার ৬ তারিখে এরকম একটা সই রয়েছে। আমাকে দেখালেন সইটা। সইটা দেখে আমি অবাক হলাম, যে এই সইটা আমি তো করিনি।”

কুণাল ঘোষের সঙ্গেও যোগাযোগ তদন্তকারীদের

তদন্তকারীরা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গেও যোগাযোগ করেন বলে সূত্রের খবর। তবে তিনি বাড়িতে না থাকায় তদন্তকারীদের পরে আসতে বলেন।