কলকাতা : ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চেই তাঁর সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচ মন্ত্রী। কিন্তু, সেদিন তাঁদের দফতর ঘোষণা হয়নি। এরপর আজ নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকথা সাংবাদিক বৈঠক করে ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রত্যাশামতোই এবার শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করা হল। সেই অনুযায়ী, পঞ্চায়েত দফতরের দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এর সঙ্গে সঙ্গে পুর ও নগরোন্নয়নের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। খাদ্য দফতরের দায়িত্বে এলেন অশোক কীর্তনিয়া। অর্থাৎ, প্রথম বিজেপি সরকারের প্রথম খাদ্যমন্ত্রী তিনি। উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গে ক্রীড়া দফতরের দায়িত্বে নিশীথ প্রামাণিক। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই দফতর বণ্টন করে দেওয়া হল। Dilip Ghosh

Continues below advertisement

দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল। দু'জনেই দ্বিতীয় বার বিধায়ক হয়েছেন। আর পশ্চিমবঙ্গে তাঁদের প্রথম সরকারে দু'জনকেই মন্ত্রী করেছে বিজেপি। গত শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরেই, শপথ নেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর তার ২৪ ঘণ্টা পর রবিবার সকালে সেই চেনা মেজাজেই দেখা যায় দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ করেন। রোজকার মতো সারেন জনসংযোগ। নেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হয়েও ছেদ পড়েনি ডেলি রুটিনে। তবে রবিবারের সকালটা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে একটু আলাদা করে দেন তাঁর প্রাতঃভ্রমণের সঙ্গীরা। প্রথমে সম্বর্ধনা দেওয়া হয় তাঁকে। তারপর ছিল ইডলি সাম্বারের আয়োজন। পার্কের বেঞ্চে বসে তা দিয়েই প্রাতরাশ সারেন তিনি। প্রাতঃভ্রমণের এক সঙ্গী দিলীপ ঘোষকে নিয়ে গানও বাধেন। 'আরও অনেক মন্ত্রী শপথ নেবেন' বলে সেদিনই মন্তব্য করেন তিনি। এরপর আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে বাকি মন্ত্রীরাও ছিলেন। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসব সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকেও বড় দায়িত্ব দেওয়া হল। একসঙ্গে দু'টি গুরুত্বপূর্ণ দফতর সামলাবেন তিনি।

Continues below advertisement