কলকাতা : ইতিহাস গড়ে মসনদে শুভেন্দু অধিকারী। আজ থেকেই ময়দানে মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে বিজেপি মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় । এরপরই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। আজ নবান্ন থেকে  পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । 

 প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত
১শহিদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল সরকার
২সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি
৩আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত বাংলা
৪বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে সামিল বাংলা
৫আজ থেকেই রাজ্যে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা (BNS)
৬সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের বয়সসীমা বাড়ল ৫ বছর

BSF-কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিএসএফ ( Border Security Force) র জন্য প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা পরিকাঠামো তৈরির জন্য ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি BSF-র হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ

বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত ( Ayushman Bharat ) প্রকল্পে যুক্ত হল। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ( Pradhan Mantri Jan Arogya Yojana ) এবং বেটি বাঁচাও বেটি পড়াও ( Beti Bachao Beti Padhao ) সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারি মহলের মতে, এর ফলে সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য ও সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন।  মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন গ্রাহক বিতরণ কেন্দ্র এবং প্রশাসনিক স্তরে বহু আবেদন দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। তাঁর অভিযোগ, “রাজনৈতিক কারণে প্রচুর আবেদন ফেলে রেখেছিলেন জেলা শাসকরা।” তিনি জানান, অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে সেই সমস্ত আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে কার্যকর BNS

রাজ্যে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় ন্যায় সংহিতা ( Bharatiya Nyaya Sanhita বা BNS ) কার্যকর করার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আজ থেকেই সংবিধান মেনেই BNS-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এতদিন সংবিধানের ভাবনার সঙ্গে সঙ্গতি না রেখেই পুরনো Code of Criminal Procedure বা CRPC অনুযায়ী কাজ করা হচ্ছিল। তা আর হবে না। 

IAS-IPS আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অনুমতি

প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবার থেকে পশ্চিমবঙ্গের IAS ও IPS আধিকারিকরাও দেশের অন্যান্য রাজ্যের মতো কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আগের মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশে IAS, IPS-রা প্রশিক্ষণ নিতে পারতেন না।”  এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মুখ্যসচিবকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জনগণনার কাজ 

জনগণনার কাজ আজ থেকেই শুরু হবে।