কলকাতা : "আপনারা কাল পার্ক সার্কাসে আমাদের পুলিশ ভাইদের সঙ্গে যা করেছেন, তারজন্য আপনাদের ভুগতে হবে। জোর ভুগতে হবে। পুলিশের ওপর পাথর ছুঁড়লে, সবক শেখানোর কাজ বিজেপির সরকার করবে।" এদিন ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানমঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসে প্রতিবাদের নামে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। গতকাল দুপুরে বিক্ষোভের নামে ধুন্ধুমার বাধে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সংলগ্ন এলাকায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি ভাঙচুর করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বাস। আহত হন ৩ পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর বাসচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পার্ক সার্কাসকাণ্ডে এখনও পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে মোট ৪০ জন। ধৃতদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

Continues below advertisement

বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ। তা হঠাতে গেলে পুলিশের ওপর আক্রমণ। পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর। এককথায় প্রতিবাদের নামে তাণ্ডব। রবিবার এভাবেই দুষ্কৃতী দৌরাত্ম্যের সাক্ষী থাকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ, RAF-এর পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে।

রবিবার দুপুর দেড়টা। রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত ৭ মাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু সেই জমায়েতের কোনও পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তাঁদের লক্ষ্য করে চলে নাগাড়ে ইটবৃষ্টি। ঘটনায় আহত হন ৩ পুলিশকর্মী।

Continues below advertisement

আহত হন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালকও। এরপরেই পাল্টা অলআউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হঠানোর পাশাপাশি, চলে ব্যাপক ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ ফারহানউদ্দিন নামে এক ব্যক্তিকে। গতকাল কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেছিলেন, "সোশাল মিডিয়ার পোস্টের ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আমরা অনেককে পাকড়াও করেছি।" এই ঘটনার পর আজ স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের উপর হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।