কলকাতা: SIR ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু যে প্রশ্ন রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে তা হল কত দফায় এবারের ভোট হবে? 

Continues below advertisement

জানা গিয়েছে, কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড় জোর দু'দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধী দলগুলি। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেছেন, 'আমরা বলেছি আমাদের অনুরোধ হচ্ছে ১ দফায় ভোট। খুব বেশি হলে দু'দফা। আগে যে সাত-আট হতো, তার কোনও ভাল রেজাল্ট হত না। এক দফা হলে বা দু'দিন হলেও ৭ দিনের মধ্যেই ভোট হয়ে যাবে'।

পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'ক'দফায় ভোট হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের পরামর্শ দিয়েছে। দিল্লি ফিরে গিয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হবে, তা নির্দিষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করবে'। 

Continues below advertisement

মুখ্য নির্বাচন কমিশনার জানান, 'সমস্ত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। ক'দফায় ভোট হতে পারে, তা নিয়ে তারা তাদের সাজেশন দিয়েছেন। নির্বাচন কমিশন দিল্লি ফিরে যাচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে'।

যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিপিএম গিয়ে বলছে, দু-দফায় ভোট করতে হবে। বিজেপি গিয়ে বলছে, এক দফায় ভোট করতে হবে, দু-দফায় ভোট করতে হবে। আরে আপনি যত দফায় ভোট করার করুন, আপনার রফাদফা আমরা এমনিই করব'। 

পশ্চিমবঙ্গে অতীতে কখনও ৭ কিংবা ৮ দফায়, আবার কখনও ১ দফাতেও ভোট হয়েছে! এবার কী হবে? এই উত্তরই খুঁজছে রাজ্যবাসী।  অন্যদিকে, ২০২১-এ ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত অফিসারদের তালিকা চাইল কমিশন। সূত্রের খবর, ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের জায়গায় কোন কোন OC? ভোট পরবর্তী সন্ত্রাসের জায়গায় ছিলেন কোন পুলিশ কর্তা? রাজ্য পুলিশের DG-র কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন, খবর সূত্রের।  'কী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে?' DGP-র কাছে জানতে চাইলেন মুখ্য নির্বাচন কমিশনার।