কলকাতা: গত পনেরো বছরে ধারাবাহিকভাবে বিরোধী দল ভেঙেছে তৃণমূল। কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাসকে ছিনিয়ে নিয়েছিল তারা। কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তৃণমূল। এখন বিজেপি ক্ষমতায়, আর মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিরোধী শিবিরে! সেই দল ভাঙানোর খেলায় এখন তিনি জেরবার!

Continues below advertisement

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'কিছুদিনের মধ্য়েই দিল্লি হবে টলোমলো, আর এখানকার যারা ভোগ করে বেড়াচ্ছে, তারা হবে ঢলোমলো।' পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যসভায় বিজেপি সাংসদ রাহুল সিনহা। তিনি বলেন, 'পার্টি ভেঙেচুরে খান খান। রাজনীতি থেকে অবসর নিন। সন্ন্য়াসব্রত পালন করুন।'

দল ভেঙে টুকরো টুকরো। এক সময় তাঁর চারপাশে ঘিরে থাকতেন যাঁরা, এখন তাঁরাই তাঁর প্রতিদ্বন্দ্বী। তাঁরাই নতুন শিবির...নতুন দল গড়েছেন... এই প্রেক্ষিতে অনেকেই বলছেন, এই দল ভাঙানোর খেলা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলই এনেছিল... অন্য় দল থেকে নেতা-নেত্রীদের নিজেদের দলে টানার কৌশল অন্য়মাত্রায় নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর তৎকালীন সেনাপতিরা! এই বছরের এপ্রিলেই তো... বিধানসভা ভোটের ঠিক আগে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগের দিন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার যোগ দেন তৃণমূলে। সিপিএমের সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাসকেও ক্ষমতা থাকাকালীন ছিনিয়ে নেয় তৃণমূল! বায়রনের গলায় অভিষেকের উত্তরীয় পরানোর ছবি এখনও বঙ্গ রাজনীতিতে সকলের মনে টাটকা। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা।

Continues below advertisement

কংগ্রেস-সিপিএম পরিচালিত জেলা পরিষদ থেকে পুরসভা, বিধায়ক কোনও কিছু ভাঙাতে কসুর করেনি তৎকালীন শাসক তৃণমূল! নিজের হেভিওয়েট সেনাপতিদের কখনও এই কাজে বাধা দেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়! ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির জেলা পরিষদে জিততে পারেনি তৃণমূল। কিন্তু, ২-৩ বছরের মধ্য়েই বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এই জেলা পরিষদগুলি দখল করে তারা।

২০১৫ সালে মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল। কিন্তু, এরপর বিরোধী দল ভাঙিয়ে সেই সাতটি পুরসভাই দখল করে তারা। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, 'আপনার (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) সরকারের আমলে এসডিও-কে দিয়ে, বিডিও-কে দিয়ে, থানার আইসি-কে দিয়ে ডেকে এনে বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহার করানো হতো। আর এখন অন্য সরকার এসে, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন নিজের ঘরে মিটিং করে প্রার্থীপদ প্রত্যাহার করাচ্ছে। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদেরকে বলেছিলেন শূন্য থেকে মহাশূন্যে পাঠাবেন। এখন দেখতে পাচ্ছেন কে মহাশূন্যে গেছে।'

এখন বিজেপি ক্ষমতায়, আর মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিরোধী শিবিরে! সেই ভাঙানোর খেলায় তিনি এখন ধাক্কায় জেরবার!