উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও রঞ্জিত সাউ, কলকাতা : এবার ৫ টাকাতেই মিলবে মাছ ভাত। মা ক্য়ান্টিনে এবার মাছ-ভাত দিতে চলেছে রাজ্য সরকার। প্রকল্প চালু থাকবে, দেওয়া হবে ডিম ভাত, আনা হবে মাছও'। মা ক্যান্টিনে যে পরিমাণ খাবার দেওয়া হয় তার পরিমাণও বাড়ানো হবে, আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। অন্যদিকে বেআইনি পার্কিং বন্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মাছে-ভাতে বাঙালি। এবার গরিবের পাতে মাছ তুলে দিতে উদ্য়োগী হল রাজ্যের বিজেপি সরকার। প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, মা-ক্য়ান্টিনে ৫ টাকার প্লেটে এবার ডিমের পাশাপাশি থাকবে মাছও। তিনি বলেন, "এতদিন ডিম-ভাত যেটা ৫ টাকায় ছিল, ওটা চালু থাকবে তার সঙ্গে মাছও দেওয়া হবে। তার কোয়ালিটিও ঠিকঠাক করা হবে যাতে লোক খেতে পায়। আরও বেশি জায়গায় যাতে করা যায়।"
এরাজ্যে সরকার পাল্টেছে। তবে পূর্ব ঘোষণা মতোই, আগে থেকে চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ করেনি বিজেপি সরকার। বরং গরিব মানুষ এতদিন ৫ টাকায় যে খাবার খেতেন, সেই মেনুতে আরও বৈচিত্র আনতে চলেছে বিজেপির সরকার। পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, "গরিব মানুষদের জন্য ব্য়বস্থা আছে সেটা ঠিকঠাক করা হবে। সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে।"
বিধানসভা ভোটের প্রচারের সময়, বারবার বাগযুদ্ধের কেন্দ্রে উঠে এসেছে মাছ-ভাত। তৃণমূল মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, বিজেপি ক্ষমতায় এলে মাছ-ভাত বন্ধ করে দেবে। পাল্টা এরাজ্য়ের বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, এরকম কোনও সম্ভাবনাই নেই। শেষ অবধি বিজেপির কথাতেই আস্থা রেখেছে পশ্চিমবঙ্গবাসী। ক্ষমতায় এসে কথা রেখেছে বিজেপি-ও। বিধানসভায় শপথগ্রহণের দিনও বিজেপি বিধায়কদের মেনুতে ছিল মাছ-ভাত। এবার গরিব মানুষের পাতেও সেই মাছ-ভাত পৌঁছে দিতে উদ্য়োগী তারা।
অন্যদিকে, বেআইনি পার্কিং রুখতেও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নতুন সরকার। পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা নোটিস দিচ্ছি, রাস্তার দু'পাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গজুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে। যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনও গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে। মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। এই ১৫টা বছর আমরা দেখেছি। সুতরাং এই নির্দেশ আমাদের দফতর থেকে দেওয়া হয়েছে।" দেড় সপ্তাহের নতুন সরকার। ক্ষমতায় আসার পর একদিকে সামাজিক প্রকল্পগুলিকে গুরুত্ব দেওয়া। অন্যদিকে, বেআইনি কারবার রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে বিজেপি সরকার।
