কলকাতা : নিম্নচাপের জেরে সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। জল থৈ থৈ পরিস্থিতি কলকাতায়। সকাল থেকেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া । বৃষ্টি থামার নাম নেই। বেলা গড়াতেই যেন নেমেছে সন্ধে।  সকাল থেকে বৃষ্টি চলছে দফায় দফায়। 

Continues below advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ তৈরি হয়েছে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে আরও বাড়তে পারে দুর্যোগ। সতর্ক করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি বাড়তে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বিশেষত উত্তরবঙ্গে পাহাড়ি ও পাহাড় সংলগ্ন জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া।  

কলকাতায় টানা বৃষ্টির মধ্যে ৫৯ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ একটি বাঁশের কাঠামো ভেঙে পড়ে। বেশ কয়েকটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়। একজন মহিলা সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার পুলিশ

Continues below advertisement

এখনই দুর্যোগ কমার কোনও ইঙ্গিত নেই। কাল, ২ সেপ্টেম্বর,  সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্তও উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক বা দুই জায়গায় । বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল?  আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুই জায়গাতেও ভারী বৃষ্টি, অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।