ব্যারাকপুর : বন্ধ করতে হবে সিন্ডিকেট-রাজ, নিউ ব্যারাকপুর পুরসভার গিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। 'সিন্ডিকেট-রাজ চলবে না, কাউকে রেয়াত করা হবে না', নিউ ব্যারাকপুর পুরসভায় গিয়ে হুঁশিয়ারি দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদারের। তিনি বলেছেন, 'আমি মিটিংয়ে প্রত্যেককে বলেছি, যে এই এলাকায় বা আমার পুরো বিধানসভা এলাকায়, এটা স্পষ্ট বার্তা, যিনি বাড়ি তৈরি করবেন, তিনি ঠিক করবেন ইট কোথা থেকে কিনবেন, বালি কোথা থেকে কিনবে, পাথর কোথা থেকে কিনবেন, লেবার কোথা থেকে নেবেন। আমার দলের লোকও যদি এর মধ্যে কোনও ইন্টারফেয়ার করতে যায়, তাহলে আমায় জানাবেন, আমি আইন প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিয়েছেন যে কোনও ক্ষেত্রে সিন্ডিকেট চলবে না। আমি দু-একদিনের মধ্যে আমার ফোন নম্বর দিয়ে পুরো এলাকায় ফ্লেক্স লাগিয়ে দেব যাতে কোনও দরকার হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেউ এসে কোনও পার্টির নাম করে যদি এক টাকাও চায়, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।'
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, কোথাও কোনও দুর্নীতি রেয়াত করা হবে না। কোথাও কোনও সিন্ডিকেট-রাজ চলবে না। অপশাসন দেখলেই দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে সরব নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি নিয়ে FIR দায়ের হবে। ভাটপাড়া পুরসভায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। ভাটপাড়া পুরসভায় গিয়ে সরব বিজেপি বিধায়ক। চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন অর্জুন সিংয়ের।
হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, তৎপর রাজ্য সরকার, একদিনে গ্রেফতার ৪ তৃণমূল নেতা
অর্জুন সিং বলেন, “২০১৯ সালের পর এই প্রথম ভাটপাড়া পৌরসভায় এলাম। এই পৌরসভায় উন্নয়নের কাজ আটকে গেছে, শ্রমিকদের বেতন হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প রয়েছে, সেগুলির সুবিধাও দেওয়া হচ্ছে না। ফলে উন্নয়নের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।” তাঁর দাবি, প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির কারণেই এলাকার পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। পুরসভার দুর্নীতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই সব কিছুর বিরুদ্ধে পুরসভাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্পষ্ট করেই তিনি জানান, "পুরসভায় যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।" পুরসভার চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। তিনি বলেন, "আমরা কিছু করব না। কিন্তু রাস্তায় সাধারণ মানুষ যদি কিছু বলে বা করে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। এতদিন মানুষের টাকা লুঠ হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে।"
