কলকাতা: দুর্নীতি রুখতে রেশনে আটা বিলি বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর!

Continues below advertisement

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FCI) পাঠানো গমই বিলি হবে, জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। 'আগের সরকারের আমলে রেশনে চাল নিয়েও ব্যাপক দুর্নীতি হয়েছে। আর কোনও দুর্নীতি হলে কড়া পদক্ষেপ করা হবে,' হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর।

খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই দুর্নীতি রুখতে তৎপর বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। বনগাঁ উত্তর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। তিনি বলেছেন, 'এত বড় দুর্নীতি হয়েছে, যখনই আমাকে এই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অশোকবাবু আপনি চলে যান দফতরে। যে দুটো দফতর আমাকে দেওয়া হয়েছে, খাদ্য ও সমবায় দফতর, আপনি ভিজিট করে আসুন। আর বলেছিলেন, আটা নিয়ে যে দুর্নীতি হয়েছে, নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, যে কোনও মূল্যে আটা বন্ধ করুন। আমি সেদিনই আধিকারিকদের বলেছিলাম, আজ থেকে আর কোনও আটা বিলি হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন, সাহেব, সরকারের ৬০০ কোটি টাকা ক্ষতি হবে। যত পরিমাণ আটা আছে ডিস্ট্রিবিউটরদের কাছে, তারা আটা ও গম মিলিয়ে সমপরিমাণে তা বিলি করবে। জুন মাস থেকে কোনও আটা রেশনের মাধ্যমে বিলিবণ্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে তা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিলিবণ্টন হবে ।'

Continues below advertisement

এখানেই শেষ নয় । রেশনে চাল বণ্টন নিয়েও কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া বলেছেন, 'আজকে জানতে পারলাম ৪১ টাকা ৬৭ পয়সা এক কেজি চালের সহায়ক মূল্য । সরকারি রেট । কিন্তু যে চাল দেওয়া হয়, তার দাম কেজি প্রতি ৪১ টাকা ৬৭ পয়সা নয় । আমি আধিকারিকদের বলে আসছি, পশ্চিমবঙ্গের মানুষের খাদ্যের সঙ্গে কোনও কম্প্রোমাইজ নয় । আমি ভিজিটে যাব । কখন কোথায় যাব কোনও আধিকারিককে জানিয়ে যাব না।' 

দুর্নীতি রুখতে কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া বলেছেন, 'যে এলাকায় দুর্নীতি হবে, সেখানকার আধিকারিক, রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, তাঁদের দায় নিতে হবে । দুর্নীতি হলে তার কৈফিয়ৎ তাঁদের দিতে হবে। দীর্ঘদিন যা হয়েছে, ১৫ বছর যা হয়েছে, সেটা আর হবে না আমি অঙ্গীকার করে গেলাম ।' 

আরও পড়ুন : ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়? দুশ্চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর