West Bengal SIR Final List: বাঁকুড়ায় (Bankura) প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, বাঁকুড়া থেকে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। বাঁকুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে টাঙানো হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যজুড়ে ধাপে ধাপে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 

Continues below advertisement

বাঁকুড়ার পাশাপাশি, উত্তর কলকাতাতে (North Kolkata) ১৭ হাজার নাম বাদ গিয়েছে। জেলায় জেলায় প্রকাশ করা হচ্ছে ভোটার তালিকা। কিছুক্ষণের মধ্যেই অনলাইনে ভোটার তালিকা প্রকাশ পাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাবেন ভোটাররা। কমিশনের অ্যাপেও দেখা যাবে নাম। কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই ও নিস্পত্তি ঝুলে রয়েছে। 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়ায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। নাম বাদ যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে, তথ্যগত ত্রুটি, অনুপস্থিতি ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে এর নেপথ্যে। শেষ পাওয়া খবর অবধি, এখনও অফলাইনেই প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা, অনলাইনে তা এখনও প্রকাশ পায়নি। আজ বিকেল ৫টা নাগাদ সিইও দফতর থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই সাংবাদিক সম্মেলন করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে, সেই সাংবাদিক সম্মেলন থেকে একটি সম্যক ধারণা পাওয়া যেতে পারে যে কোন জেলায় কত নাম বাদ গিয়েছে। 

Continues below advertisement

এসআইআরের খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল। এরপর প্রশ্ন উঠেছিল যে এসআইআরের চূড়ান্ত তালিকায় কত নাম বাদ যেতে পারে? আর এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বারংবার বলেছিল যে তাদের নির্ধারণ করা নথির তালিকা মেনে যারা নথি দেখাতে পারেনি বা সেই নথিতে কোনও ত্রুটি মিলেছে, সেক্ষেত্রে তাদের নাম থাকবে না। নাম বাদ চলে যাবে। তা মেনেই এবার নাম বাদের খবর প্রকাশ্যে আসছে। 

কীভাবে দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা? 

নির্বাচন কমিশন সূত্রে খবর,

  • ceowestbengal.wb.gov.in
  • voters.eci.gov.in/
  • electoralsearch.eci.gov.in

উল্লিখিত এই পোর্টালগুলি থেকে দেখতে পাওয়া যাবে চূড়ান্ত তালিকা।  

এছাড়াও, মোবাইল ফোনে ECINET অ্য়াপ থেকে পাওয়া যাবে তালিকা। অন্যদিকে, অফলাইন মোডে, SDO ও BDO অফিসে পাওয়া যাবে তালিকা। যদিও সেখানে কোনও তালিকা টাঙানো থাকবে না। এর পাশাপাশি ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে হার্ড কপি ও সফ্ট কপি তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট বুথের BLO ও রাজনৈতিক দলের BLA-দের থেকেও মিলবে তালিকা।