কলকাতা : সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকার অলি-গলি-রাজপথ।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই দুর্যোগ চলবে।  আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এর জেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Continues below advertisement

আজ , সোমবার কলকাতায় দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে ।   ইতিমধ্যেই কয়েক দফায় বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তা জল থই থই। ফলে যানজট সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।  কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। নিচু এলাকাগুলিতে জল জমার পাশাপাশি নদী ও উপকূলবর্তী অঞ্চলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার  পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিম্নচাপ আরও শক্তিশালী হলে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামীকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে বেরোতে হলে অবশ্যই আবহাওয়া দফতরের পূর্বাভাস জেনে নিন।  

Continues below advertisement

আবহাওয়া দফতরের সতর্কতা 

সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হুগলি হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। 

 মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ছয় জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। কলকাতা সহ বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি রয়েছে।