কলকাতা : দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, পূর্ব মধ্যপ্রদেশে । এছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি-এনসিআর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং অসমের বিভিন্ন এলাকাতেও মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া দফতর বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ সতর্ক থাকতে হবে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর - এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের সকালের আপডেট বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ মঙ্গলবার সকালে দীঘা ও হলদিয়ার মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ওড়িশা হয়ে ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি বা ঝড়ের কোনও সতর্কতা নেই। এদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। সমুদ্রে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
কলকাতার আজকের আবহাওয়ার পরিসংখ্যান
- সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৬° সেলসিয়াস
- গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩০.৪° সেলসিয়াস
- আপেক্ষিক আর্দ্রতা: ৭৭% থেকে ৯৬%
- গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: ৬.৮ মিলিমিটার
