কলকাতা: রাজ্যে বর্ষা আরও সক্রিয় হতে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, জুনের শেষ সপ্তাহের শেষে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি উপরের স্তরের ঘূর্ণাবর্ত (Upper Air Cyclonic Circulation) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহের শুরুতেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা (Low Pressure Area) গড়ে উঠতে পারে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি, তারপরেই বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি পরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
২৬ জুন থেকে ২ জুলাই: কোথায় কত বৃষ্টি?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।কিছু জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি।ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।৩ জুলাই থেকে ৯ জুলাই: দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
আইএমডি জানিয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষে এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে।
কোন জেলাগুলিতে নজর?
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উপকূলবর্তী জেলা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। ভারী বৃষ্টির জেরে জল জমা, ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
