অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বুধবার দ্বিতীয় ও শেষ দফার ভোটে লাইনে দাঁড়াবেন ৭ জেলার ১৪২ বিধানসভা কেন্দ্রের ভোটাররা। তবে প্রথম দফার নির্বাচনে গরমে ভোটারদের যে হাঁসফাঁস অবস্থা হয়েছিল, দ্বিতীয় দফায় এসে তা থেকে রেহাই মেলার আশ্বাসবাণী শোনাল আবহাওয়া অফিস!

Continues below advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ভোটের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। এই সবকটি জেলাতেই ভোট হবে বুধবার।  

আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলায়। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়াতেও। এই দুই জেলাতেও বুধবার দ্বিতীয় ও শেষ দফার বিধানসভা নির্বাচন হবে।  

Continues below advertisement

কী বলা হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে? 

বুধবার তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা! পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, 'জাহাঙ্গিরের অভিধানে ভয় বলে কিছু নেই', যোগীরাজ্যের IPS অফিসারের শাসানিকে থোড়াই কেয়ার ফলতার তৃণমূল প্রার্থীর

বৃহস্পতিবার নির্বাচনের পরের দিন ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কালবৈশাখীর সতর্কতা ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। গরমের পারদ কমবে! এমনটাই আশ্বাস দিচ্ছে আবহাওয়া অফিস। আবার নির্বাচন কমিশন বলছে, ভোটও হবে শান্তিপূর্ণ। 

এখন গরম ও রাজনীতির পারদ বুধবার কেমন থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।