কলকাতা: পুজোর আগে ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটি প্রথমে ডিপ্রেশন এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৩ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

এই নিম্নচাপের প্রভাবে ২২ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

২৩ সেপ্টেম্বরও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।                       

Continues below advertisement

২৪ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২৫ সেপ্টেম্বরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতাতেও এর প্রভাব পড়তে পারে। IMD-র পূর্বাভাসে আগামী কয়েকদিন শহরে মেঘলা আকাশ, বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে।                                                               

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হওয়ার কারণে সমুদ্রও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ ও ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। নিম্নচাপটি আগামী দিনে কতটা শক্তি সঞ্চয় করে এবং কোন পথে এগোয়, তার উপরই বাংলায় বৃষ্টির তীব্রতা অনেকটা নির্ভর করবে।