কলকাতা : বেলা বাড়লে সোনালি রোদ। নীল আশমান, দুধ-সাদা মেঘের ইতস্তত ঘোরাফেরা। কলকাতার আকাশে শরতের অকালবোধন ? বর্ষা নিল ছুটি ? কী বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা ? এবার কি এল-নিনোর প্রভাবে বর্ষার বিদায় শুরু হয়ে গেল আগে-ভাগেই ? এবিপি লাইভের সঙ্গে কথোপকথনে জানালেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। আবহবিদ জানালেন, বিদায় না নিলেও, আপাতত ছোট্ট ছুটিতে গিয়েছে বর্ষা। এই সপ্তাহে মৌসুমী বায়ু মূলত বিরতিতে বা দুর্বল অবস্থায় থাকবে। তবে বিভিন্ন জায়গায় মাঝে-মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে কোথাও কোথাও হঠাৎ দমকা ও তীব্র বাতাস বইতে পারে। মাইক্রোবার্স্টের ফলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পরিস্থিতি এমনই, যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ২৬–৩৪° সেলসিয়াসের মধ্যে থাকতে পারে কলকাতার তাপমাত্রা। পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম বাড়বে। আকাশ কখনও আংশিক মেঘলা, আবার কখনও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। তবে শনিবার বা রবিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তীতে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও সংলগ্ন ওড়িশার দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে আকাশে মেঘ-রোদের খেলা, বাতাসের গতি বৃদ্ধি এবং কোথাও কোথাও স্বল্পস্থায়ী মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা বৃদ্ধি এবং আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও স্বল্পস্থায়ী মাঝারি থেকে তীব্র বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক এবং ভ্যাপসা গরম থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া আগামী ৭ দিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় অঞ্চলভেদে পার্থক্য দেখা যেতে পারে। এই সপ্তাহান্তে উত্তর-পূর্ব বঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে স্বল্পস্থায়ী তীব্র বৃষ্টিও হতে পারে। অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে আকাশ আরও বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে,অর্থাৎ বৃষ্টির ইঙ্গিত রয়েছে। বিশেষ করে হিমালয়-সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী সমতলভূমিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ওইসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
সার্বিকভাবে, চলতি সপ্তাহে বৃষ্টি তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ও অনিয়মিত থাকলেও সপ্তাহান্তে উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।
