কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে ২৪ অগাস্ট, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে, পূর্বাভাস করেছে আইএমডি। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস বলেছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখার অবস্থান এবং একটি ট্রফের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। IMD-র সর্বশেষ বুলেটিনে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সোমের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ২৫ অগাস্ট দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের এক-দু’টি জায়গায় বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ঝড়ের সময় গাছ, বিদ্যুতের খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে না দাঁড়ানোই ভাল। যাঁদের জরুরি কাজে বাইরে বেরোতে হবে, তাঁদের সঙ্গে ছাতা রাখতে হবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় থেকে সমতল, ২ এলাকার জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর সারা সপ্তাহই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভিজে আবহাওয়া থাকবে।
