ভারতে বর্ষার আগমনের কাউন্টডাউন (Monsoon Arrives Early) শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের প্রায় চার দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে গেল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ১৬ মে থেকেই দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। সাধারণত প্রতি বছর ২০ মে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রবেশ ঘটে। কিন্তু এ বছর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে অনেকটাই দ্রুত এগিয়েছে মৌসুমি বায়ু। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের ফলে অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্ষার অগ্রগতি ত্বরান্বিত হয়েছে (Cyclonic Circulation Bengal) ।

Continues below advertisement

 কেরলে আগাম বর্ষার সম্ভাবনা

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে নাগাদ কেরলে পৌঁছে যেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকে। সেই হিসেবে এ বছর প্রায় এক সপ্তাহ আগেই বর্ষার আগমন হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহবিদরা বলছেন, কেরলে যদি আগাম বর্ষা প্রবেশ করে, তাহলে পূর্ব ভারতে বর্ষার গতিপ্রকৃতিতেও তার প্রভাব পড়তে পারে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছয়। তবে এ বছরের অনুকূল আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা আগেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান।

Continues below advertisement

 উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস                    

ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ঘন ঘন কালবৈশাখীর দাপট দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য অত্যন্ত সহায়ক।

 অস্বস্তিতে কলকাতা

বর্ষা আন্দামানে পৌঁছে গেলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও শনিবার দিনের অধিকাংশ সময়ই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হয়েছেন মানুষ।                             

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা পুরোপুরি প্রবেশ না করা পর্যন্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি থেকে সম্পূর্ণ স্বস্তি মিলবে না।