Continues below advertisement

কলকাতা : রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতার অস্বস্তিও।

আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার প্রভাবে রাজ্যে অস্থির আবহাওয়া তৈরি হয়েছে।

Continues below advertisement

তাপমাত্রার পূর্বাভাস:আগামী ২ দিনে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর পরবর্তী ৫ দিনে তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না। ফলে গরম ও আর্দ্র আবহাওয়ার দাপট বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হবে।

১৫ এপ্রিলের পূর্বাভাস:ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতার দাপট থাকবে।

১৬ এপ্রিলের পূর্বাভাস:পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির একাধিক স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

১৭ এপ্রিল: ঝড়-বৃষ্টির সতর্কতা

১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও এক-দুই জায়গায় বৃষ্টি হতে পারে।

১৮ এপ্রিল: আংশিক বৃষ্টি, বাড়বে অস্বস্তি

১৮ এপ্রিল মুর্শিদাবাদ ও বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্র আবহাওয়া বাড়বে, যা অস্বস্তি বাড়াতে পারে।

সতর্কতা:আবহাওয়া দফতর সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে কৃষক ও বাইরে কাজ করা মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে একদিকে যেমন ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে তেমনই বাড়বে গরম ও আর্দ্রতার অস্বস্তি। ফলে আবহাওয়ার এই দ্বৈত চরিত্রে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।