West Bengal Weather: আজ, ৫ এপ্রিল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। তার সঙ্গে বইছে হাল্কা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দেখে অনুমান, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হতে চলেছে আজ। হয়তো আর কিছুক্ষণেই শুরু হবে ঝড়বৃষ্টি। এমনিতেও গত ২ ধরে প্রবল গরম পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদের তেজ, অতিরিক্ত তাপমাত্রা, সঙ্গে চরম আপেক্ষিক আর্দ্রতা। সব মিলিয়ে ভ্যাপসা গরমে চূড়ান্ত হাঁসফাঁস পরিস্থিতি গত ২ দিন ধরেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ কালবৈশাখী হলে, ঝড়বৃষ্টির দাপটে সাময়িক হলেও কিছুটা স্বস্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 

Continues below advertisement

আজ ৫ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলায়। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কিছু অংশে। এইসব জেলার বেশ কয়েকটি এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে এবং বেশ কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হাল্কা বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

Continues below advertisement

৭ এপ্রিল মঙ্গলবার বাড়তে পারে ঝড়বৃষ্টির দাপট। তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।            

৮ এপ্রিল ঝড়বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা - দক্ষিণবঙ্গের এইসব জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি পরিমাণে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী ৯ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ এপ্রিল কিছুটা কমবে ঝড়বৃষ্টির দাপট। দু-এক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে সেদিন।