কলকাতা : আগামী ১ সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭ দিনে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের সর্বত্র, সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আকাশ পরিষ্কার হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও নেমেছে পারদ। প্রায় দেড় ডিগ্রির মতো তাপমাত্রা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। বীরভূমের শ্রীনিকেতনের ২৬ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপাতত এই সপ্তাহ জুড়ে এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
২৬ নভেম্বর বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। কোনও বৃষ্টি হয়নি। আপাতত আরও পারদ পতনের সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তাই জাঁকিয়ে শীত আসতে এখনও কিছুটা দেরি রয়েছে বলে অনুমান। ২৬ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
বাতাসে রয়েছে শীতের আমেজ। বিগত কয়েকদিন পতন হয়েছে পারদের। ভোরের দিকে বাড়ছে কুয়াশার পরিমাণ। সকালে এবং রাতে বেশ ভালই অনুভূত হচ্ছে ঠান্ডা। মাঝে মাঝে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন কলকাতা শহরের রোদঝলমলে আকাশ থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কোনও সতর্কতা নেই। ভোরের দিকে এবং সন্ধের পর বাতাসে অনুভূত হচ্ছে শিরশিরানি।
