West Bengal Weather Update: সকাল থেকেই তীব্র গরম। রোদের তেজে টেকা দায়। তার সঙ্গে পাল্লা দিচ্ছে চরম আপেক্ষিক আর্দ্রতা। এই ভ্যাপসা গরম এবং হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজায় থাকবে আজও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। ৫ এপ্রিল অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ হাল্কা ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কয়েকটি অংশে।এর পাশাপাশি হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং কলকাতায় ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকবে।
আগামীকাল হাল্কা থেকে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় মূলত ঝড়ের প্রভাব বেশি থাকবে।
৬ এপ্রিলও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ - এইসব জেলাগুলিতেই মূলত ঝড়বৃষ্টির প্রভাব দেখা যাবে আগামী ৬ এপ্রিল।
৭ এপ্রিলও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা - এই জেলাগুলির কয়েকটি অংশে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
৮ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। ৯ এপ্রিলও আবহাওয়া একই রকম থাকবে। অর্থাৎ ৯ এপ্রিলও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
