কলকাতা : ফের পারদ পতন কলকাতায়। ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলকাতায় তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমেছে প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ। মাঘ মাস প্রায় ফুরিয়ে এল। তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। তবে ফের একবার পারদ পতন হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াস কম। বিদায় বেলায় জমিয়ে উত্তুরে হাওয়ার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের আমেজ বজায় রয়েছে। তার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।
আগামী ৭ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত এক সপ্তাহ নেই এই রাজ্যে। আগামী চারদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে তার পরবর্তী তিনদিনে ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ৫ দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন - দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায় সকালের দিকে হাল্কা থেকে মাঝারি পরিমাণে কুয়াশার প্রভাব থাকতে পারে বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ অনেকদিন পর কলকাতার পারদ পৌঁছেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শীতের আমেজে খুশি সাধারণ মানুষ। মাঘের শেষেও বজায় রয়েছে ঠান্ডা আবহাওয়া। বাতাসে অনুভূত হচ্ছে শিরশিরানি। অর্থাৎ এখনই বিদায় নিচ্ছে না শীতে। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছ হাওয়া অফিস। দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা, দুটোই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন মোটামুটি আবহাওয়া একইরকম থাকবে বলে জানা গিয়েছে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আবহাওয়া মূলত শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
