সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শনিবার গভীর রাতে প্রায় এক ঘণ্টার তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল গোয়ালপোখরের বিভিন্ন এলাকা। হঠাৎ করে ওঠা দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়, ভেঙে পড়ে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।
আরও পড়ুুন, শেষ হল বৈঠক, দ্বিতীয় দফার আগে জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের, "বুথে ১০০ মিটারের মধ্যে.."
ঝড়ের জেরে একাধিক কাঁচা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১২ টা ৩০ মিনিট নাগাদ ঝড়ের দাপট শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে তা চলতে থাকে। ঝড়ের জেরে একাধিক কাঁচা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। বিদ্যুৎ পরিষেবাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বহু গ্রাম এখনও অন্ধকারে ডুবে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া সূত্রে খবর, আজ ২৬ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।আইএমডি সূত্রে খবর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি কিছু জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুধুই আজ নয়, টানা এই মাসই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টি হওয়া আশঙ্কা রয়েছে আগামীকালও
দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টি হওয়া আশঙ্কা রয়েছে আগামীকালও। কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ তারিখ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, প্রায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ এপ্রিল ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস ঝড় ও বৃষ্টির সময় নিরাপদ স্থানে সাধারণ মানুষকে থাকতে অনুরোধ জানিয়েছে।
