কলকাতা : ফেব্রুয়ারির প্রথম রবিবার। হালকা শীতের আরাম আর ছুটির আয়েস। তার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর ভারতে শৈত্যপ্রবাহ , যেমন চলার চলবে। ফের সক্রিয় হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। ঝঞ্ঝার প্রভাব পড়বে রাজধানী দিল্লি থেকে পাহাড়ি রাজ্যগুলিতে।
IMD - র পূর্বাভাস অনুসারে, আজ (১লা ফেব্রুয়ারি) থেকে বেশ কয়েকটি রাজ্যে উচ্চ উচ্চতায় ঠান্ডা বাড়বে। বইবে শিরশিরে বাতাস। সঙ্গে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব কমবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কুয়াশার বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। লকাতা-সহ বাকি জেলাতেও ভোর হবে কুয়াশায়, তবে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কারই থাকবে। শীতের আমেজ ক্রমশ কমছে। আজ, রবিবার আরও কমতে পারে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।
ফেব্রুয়ারি শুরুতে দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রাই স্বাভাবিক বা তার কিছুটা উপরে থাকবে। কনকনে শীতের দিন প্রায় শেষ । আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে। সমুদ্রের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে।
দিল্লির আবহাওয়া
আজ দিল্লি-এনসিআর-এর আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। আরও তীব্র ঠান্ডা হবে। সর্বনিম্ন তাপমাত্রাও কমে যাবে। আইএমডি অনুসারে, রবিবার দিল্লি-এনসিআর-এ বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ঠান্ডা আরও তীব্র হবে।
রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রাজধানী জয়পুর, ভরতপুর, কোটা, আজমির, উদয়পুর এবং শেখাওয়াতি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।
