আপাতত তীব্র গরম থেকে স্বস্তি । টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়-জলের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার তা তীব্র হতে পারে। পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের বিস্তারিত পূর্বাভাস ও সতর্কতা দিয়েছে আইএমডি-কলকাতা।
প্রবল বৃষ্টির সঙ্কেত রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে । উত্তর দিনাজপুর জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে বিশেষ সতর্কতা জারি করেছে। এই দিনটি সবচেয়ে সতর্কতার দিন, বলে উল্লেখ করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। বাকি জেলাগুলিতে এক বা দুই স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- এছাড়া ঝড়, বজ্রপাত এবং ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
- দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই স্থানে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।
- উত্তর দিনাজপুর জেলায় ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় হতে পারে।
আগামীকাল বুধবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এক বা দুই স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর বৃহস্পতিবার (২৬-০৩-২০২৬ ) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রঝড়, বজ্রপাত এবং ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
অন্যদিকে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। আজ, ২৪-০৩-২০২৬ তারিখে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।
বৃহস্পতিবার (২৫-০৩-২০২৬), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা খুবই বেশি।
