অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উফ কী শীত। কনকনে শীতের কামড়ে এভাবে সপ্তাহখানেক কেঁপেছিল পশ্চিমবঙ্গ। জানুয়ারি শেষেই সেসব দিন অতীত। কোথায় শীত? মাঘ শেষে হওয়ার আগেই শীতের পাততাড়ি গোটানোর উপক্রম। কিন্তু এ যেন শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং। সপ্তাহ শুরুতে, সোমের সকালেই শিরশিরে হাওয়া জানান দিল, শীতের ছোট গল্প, শেষ হয়েও হয়নি কো শেষ।
কোথায় তাপমাত্রা ৪.০°C- এ নামল?
আবহাওয়ার বুলেটিন বলছে, সোমবার সকালে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০°C। কল্যাণী ও শিউড়িতে এতটাই নেমেছে পারদ। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮°C। মোটামুটি কনকনে শীতই বলা চলে। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা ৪.০°C-এ নেমে আসে। কলকাতা (আলিপুর)-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১°C , যা স্বাভাবিকের চেয়ে ০.৫°C কম)
হাড় কাঁপানো ঠান্ডা না হলেও, সপ্তাহের প্রথম কাজের দিনে কিছুটা হলেও রাজ্যে ফিরল শীতের আমেজ। গত দু'দিনে সামান্য পারদ নামল দক্ষিণবঙ্গে। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭-এর ঘরে। সেই তাপমাত্রাই গতকাল কমে হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও আজ তা কমে হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার সতর্কবার্তা
আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ফের স্বাভাবিকের নিচে নামল সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের নিচেই। যদিও বেলা গড়াতে শীতের আমেজ স্থায়ী হচ্ছে না । তবুও শিরশিরে হাওয়া জানান দিচ্ছে মাঘের শীত এত সহজে যাওয়ার নয় । বেলা বাড়তেই চড়ছে উত্তাপ। অন্যদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে, যেমনটা ছিল আজও।
দক্ষিণবঙ্গেে তাপমাত্রা ওঠা-নামা কতদিন চলবে ?
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে এভাবেই ওঠানামা করবে তাপমাত্রা। স্বাভাবিকের ওপর আর নিচে ওঠানামা করবে পারদ। তবে শীতের শেষ বেলায় বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি নেই। আপাতত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের আমেজ থাকবে।