কলকাতা : আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ এপ্রিল থেকে বাড়বে ভ্যাপসা গরম এবং অস্বস্তি। হাঁসফাঁস করবেন দক্ষিণবঙ্গবাসী। আপাতত ঝড়বৃষ্টি হলেও তা হাল্কা থেকে মাঝারি ধরনেরই হবে। আর তার জেরে তাপমাত্রার বিশেষ হেরফেরও হবে না। অতএব ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিতে অস্বস্তি থেকে এখনই মিলবে না রেহাই। বরং আংশিক মেঘলা আকাশ থাকার কারণে গুমোট গরম, দমবন্ধ করা আবহাওয়ার সম্মুখীন হতে চলেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। 

Continues below advertisement

আজ ১৭ এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলারই দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। সাময়িক স্বস্তি পেলেও গুমোট গরমের অস্বস্তি থেকে এখনই রেহাই পাবেন না দক্ষিণবঙ্গবাসী। 

আগামীকাল ১৮ এপ্রিল শনিবার হাল্কা ঝড়বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলির দু-এক জায়গায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। 

Continues below advertisement

১৯ এপ্রিল রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূম, এই দুই জেলায় কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় ১৯ এপ্রিল শনিবার সাংঘাতিক গরম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অতিরিক্ত গরমের সঙ্গে থাকবে অত্যন্ত বেশি আর্দ্রতাও। তার ফলে ভ্যাপসা গরমে গুমোট পরিস্থিতিতে হাঁসফাঁস করবেন এই ৫ জেলার বাসিন্দারা। 

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার অর্থাৎ ১৯ এপ্রিল থেকেই গরম বাড়বে দক্ষিণবঙ্গে। ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে মারাত্মক গরম এবং প্রচণ্ড আপেক্ষিক আর্দ্রতার জেরে ভ্যাপসা গরম বজায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়। অর্থাৎ আজ এবং আগামীকাল অল্পবিস্তর বৃষ্টি হলেও রবিবার থেকে কার্যত তীব্র দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। চড়া রোদ, গুমোট ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে ওইসব জেলায়।