Weather Update: মাঘের শেষলগ্নেও কি শীতের কামড় অনুভূত হবে পশ্চিমবঙ্গে? আবারও কি ফিরে আসছে পারদ পতনের সম্ভাবনা? আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া, জেনে নিন কী জানাল হাওয়া অফিস। জানা গিয়েছে, গত তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার পর আজ কিছুটা বেড়েছে উষ্ণতা। আগামী ৭ দিন সর্বত্র মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের স্থলভাগ অংশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিস্থিতি নেই।
আগামীকাল উত্তরবঙ্গের দু-একটি জায়গায় আগামীকাল সকালে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের দু'-এক জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় আগামীকাল হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় থাকবে কুয়াশার প্রভাব। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরে আর তাপমাত্রার বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এখন আর সাংঘাতিক ভাবে পারদ পতনের সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মূলত আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই মাঘ মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে মারাত্মক ভাবে ঠান্ডা পড়বে, আবার জাঁকিয়ে শীতের অনুভূতি হওয়ার সম্ভাবনা কম, নেই বললেই চলে। তবে হাল্কা শীতের আমেজ থাকবে আবহাওয়ায়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমেছিল, বিশেষ দিকে রাতের দিকে। তবে আজ ফের বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। বিকেলের পর, সন্ধের দিকে এবং রাতেরবেলায় বাতাসে বেশ কিছুটা শিরশিরানি অনুভূত হলেও, দিনের বেলায় পরিবেশ এমন যা বুঝিয়ে দিচ্ছে যে শীত বিদায় নিতে খুব বেশিদিন বাকি নেই আর। শেষবেলায় শীত মরণকামড় দেবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এমন সম্ভাবনাও নেই। দিনের বেলায় এখনই মাঝে মাঝে বেশ গরম অনুভূত হচ্ছে। কারণ সর্বোচ্চ তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বিগত কয়েকদিনে।