মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আচমকা স্কুল পরিদর্শনে মিড ডে মিল দেখতে গিয়ে রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ হয়ে মিড ডে মিলের কর্মীদের ধমক দিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। স্কুল পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে। অথচ সেই মিড ডে মিলের খাবারের মান ও পরিমাণ নিয়েই ক্ষুব্ধ বিধায়ক। স্কুলের রান্নাঘরে প্রেসার কুকারের ভিতরে সামান্য পরিমাণ ডাল দেখেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর স্পষ্ট বক্তব্য, এই সামান্য পরিমাণ ডাল দিয়ে পড়ুয়াদের পুষ্টির চাহিদা তো দূরের কথা, ২০ জন পড়ুয়ার পেট ভরানোও সম্ভব নয়।
ঘটনাটি পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ের। স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান এবং রান্না করা খাবারের পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখতে আচমকাই ওই বিদ্যালয়ে হাজির হন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর এই পরিদর্শনে রীতিমতো চমকে ওঠেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও কর্মীরা। বিদ্যালয়ে পৌঁছেই কোনওরকম সময় নষ্ট না করে সোজা মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। সেখানে রান্নার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েই নজরে আসে প্রেসার কুকারে রান্না করা ডালের পরিমাণ। আর সেই পরিমাণ দেখেই কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন বিধায়ক। রান্নাঘরে উপস্থিত কর্মীদের কাছে তিনি জানতে চান, প্রতিদিন ঠিক কতজন পড়ুয়া মিড ডে মিলের খাবার খায়? প্রথমে কর্মীদের তরফে জানানো হয়, প্রায় ১০০ জন পড়ুয়া খাবার খায়। কিন্তু পরক্ষণেই সেই সংখ্যা বদলে জানানো হয়, ৩০ থেকে ৪০ জন পড়ুয়া খাবার খায়।
কর্মীদের বক্তব্যে এই অসঙ্গতি ও প্রেসার কুকারে থাকা অল্প পরিমাণ ডাল দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, যে পরিমাণ ডাল রান্না করা হয়েছে, তাতে ২০ জন পড়ুয়ার খাবারও পর্যাপ্ত হবে না। তাহলে ৩০ থেকে ৪০ জন কিংবা ১০০ জন পড়ুয়ার খাবারের ব্যবস্থা কীভাবে করা হচ্ছে? পড়ুয়াদের খাবারের ক্ষেত্রে এমন গাফিলতি কেন? সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও খাবারের পরিমাণ এত কম কেন রাখা হচ্ছে? শুধু রান্নার দায়িত্বে থাকা কর্মীদেরই নয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও এদিন রীতিমতো সতর্ক করেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর বক্তব্য, পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ বাড়াচ্ছে সরকার। সরকার কর্মীদের বেতনও বৃদ্ধি করেছে। তা সত্ত্বেও যদি পড়ুয়াদের খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, তাহলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছয়, সেই দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদেরই নিতে হবে। বিধায়ক আরও কড়া বার্তা দিয়ে জানান, মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনওরকম অনিয়ম, গাফিলতি কিংবা পড়ুয়াদের খাবার নিয়ে কারচুপি বরদাস্ত করা হবে না। আগামী দিনেও যদি এই ধরনের ঘটনা সামনে আসে, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
