মনোজ বন্দ্য়োপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সার্কাসের তাবুতে সার্কাস কর্মীর মৃতদেহ উদ্ধার। খনি অঞ্চল তো বটেই, আশপাশের গ্রামাঞ্চলেও উখড়ার ঝুলন মেলা পরিচিত। প্রতি বছরের মতো এবারও ঘটা করে শুরু হয়েছে মেলা ও উৎসব। নানান দোকান পাটের পাশাপাশি বসেছে সার্কাসের আসরও। আর সেই উৎসবের মধ্যেই মঙ্গলবার সকালে সার্কাসের তাঁবুর ভিতর এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উখড়ায়। মৃতের নাম অনিল কুমার ঠাকুর (৫৭)। তিনি নদিয়া জেলার বেতাই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সার্কাস কোম্পানির ম্যানেজার রথীন্দ্র কুমার চট্টোপাধ্যায় জানান, সার্কাসের তাঁবু কী ভাবে বাঁধা হবে, তার নকশা ও নির্মাণ সংক্রান্ত কাজে অনিল দক্ষ ছিলেন। এই কাজের সঙ্গে যুক্ত আগের কর্মী বয়সজনিত কারণে কিছু দিন আগে কাজ ছেড়ে দেন। এর পরেই নদিয়ার অনিলবাবু সার্কাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই কাজে যোগ দেন। রথীন্দ্রবাবুর দাবি, সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত কাজ করেছেন অনিল। তার পর মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী ভাবে এবং কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মেলা চলাকালীন সার্কাসের তাঁবুর ভিতর কর্মীর এমন রহস্যমৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে মেলা চত্বর ও সংলগ্ন এলাকায়।
