রুমা পাল,কলকাতা : ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চের মধ্যে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং DGP-কে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম দুই ধাপে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

Continues below advertisement

কোথায় কত কোম্পানি বাহিনী?                

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১ মার্চের মধ্যে প্রথম দফায় আসবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে ১১০ কোম্পানি CRPF, ৫৫ কোম্পানি BSF, ২১ কোম্পানি CISF, ২৭ কোম্পানি ITBP ও ২৭ কোম্পানি SSB-র জওয়ানরা থাকবেন। ১০ মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আসবে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী , যার মধ্যে ১২০ কোম্পানি CRPF, ৬৫ কোম্পানি BSF, ২০ কোম্পানি ITBP, ১৯ কোম্পানি SSB এবং ১৬ কোম্পানি CISF থাকবে। বাহিনীর তত্ত্বাবধানে থাকবেন CRPF-এর পশ্চিমবঙ্গ সেক্টরের IG সঞ্জয় যাদব। 

Continues below advertisement

কী কাজ করবে কেন্দ্রীয় বাহিনী ?              

চিঠিতে জানানো হয়েছে, এলাকাভিত্তিক টহল, ভোটারদের আস্থা গড়ে তোলা, EVM ও স্ট্রংরুম পাহারা, গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে এই বাহিনী। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পরদিন ১লা মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব DEO, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। কথা বললেন, এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও।   

 কত দফায় ভোট হবে?

আসন্ন বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যে দিল্লিতে প্রাথমিক বৈঠক করেছে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি সেই বৈঠকে, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়ে ছিলেন, ভোটের জন্য ৩৫ হাজার রাজ্য পুলিশ দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, কত দফায় ভোট হবে, তার ওপরেই নির্ভর করবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন।