পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :  ভোররাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে কলকাতা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি অভিযান চালানো হয়। ভোররাতে বাড়ির সামনে পৌঁছে একাধিকবার দরজা খোলার অনুরোধ জানানো হয়। কিন্তু বারবার বলা সত্ত্বেও ভিতর থেকে দরজা খোলা হয়নি বলে দাবি পুলিশের। স্থানীয় সূত্রে দাবি,  এরপর পুলিশ বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশির সময় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে বাড়ির চারপাশে কড়া নজরদারি চালানো হয়। ঘটনার খবর পেয়ে ভোরেই কালীঘাটের বাড়িতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান।

Continues below advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আর্থিক তছরুপের কথা উল্লেখ করা হয়েছে। সেই মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।তল্লাশি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 'লুকিয়ে রেখেছি কি না, পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিকে জিগ্যেস করুন'। তদন্তে সহযোগিতা করা হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার সন্ধেতেও অভিষেক দাবি করেন, ' আমি কোনও তদন্ত এড়িয়ে যাইনি। আমার লোকানোর কিচ্ছু নেই। আমি তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনও পর্যন্ত ৮-১০ বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সমন দিয়েছিল প্রথম সমন ৩০ তারিখ। ৩০ তারিখ বিকেলে আমার ওপর আক্রমণ হয় আপনারা দেখেছেন। ৪৮ ঘণ্টা আমি বাড়ি থেকে বেরতে পারিনি। আমাকে ৮ তারিখ ডাকা হয়েছে। ৮ তারিখ আমি ছিলাম না। আমি ৬ তারিখ দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলাম। ইন্ডিয়া জোটের মিটিং ছিল। ৮ তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন ৮ তারিখ বিকেলে নোটিস দিয়ে বলা হচ্ছে ৯ তারিখে এসো। ৯ তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল, যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি, আমি কোর্টের নির্দেশে ৬ টার আগে গেছি।' 

Continues below advertisement

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় হল অভিযোগ দায়ের। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এমনই দাবি করে অভিযোগ দায়ের করলেন ব্য়বসায়ী সঞ্জয় সিংহল। ভোটপ্রচারে DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য়ের প্রেক্ষিতেই এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হল।