কলকাতা: রবিবার সকালে খাস কলকাতায় ভয়াবহ খুনের ঘটনা! মেয়ের সামনেই স্ত্রীকে খুন করে ফেললেন স্বামী! ঘটনাটি ঘটেছে কলকাতার কসবা এলাকায়। বোসপুকুরের ধীরেন্দ্র বোস রোডে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে আঘাত করেন স্বামী। এরপরে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ও চেষ্টা করে অভিযুক্ত। এলাকাবাসীরা অভিযুক্তকে ধরে পুলিশে খবর দেন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। প্রতিবেশীরা জানাচ্ছেন, এই প্রথম নয়, এর আগেও স্ত্রীকে আঘাত করেছিল অভিযুক্ত। করেছিল খুনের চেষ্টাও। সেই সময়ে প্রতিবেশীরা স্ত্রীকে প্রাণে বাঁচিয়ে নেন। তবে এদিন আর শেষরক্ষা হল না।
রবিবার সকালের স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে কসবার বোসপুকুরের ধীরেন্দ্র বোস রোডের একটি ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। সেখানেই স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকত অভিযুক্ত। মেয়ের সামনেই স্ত্রীকে খুন করেছে ওই ব্যক্তি এমনটাই জানা যাচ্ছে। একটি ধারাল ছুরি স্ত্রীর পেটে ঢুকিয়ে দেয় ওই ব্যক্তি। এরপরে বালিগঞ্জ স্টেশনে এসে ট্রেন ধরে পালানোর চেষ্টাও করে। তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন ও পুলিশে খবর দেন। প্রতিবেশীরা আরও জানাচ্ছেন, মত্ত অবস্থায় বাড়ি ফিরে নিয়মিত অশান্তি করতেন ওই যুবক। তাঁর স্ত্রী একবার বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন। মাত্র ২ দিন আগেই বাড়ি ফিরে এসেছিলেন অভিযুক্তের স্ত্রী।
আজ ভোর রাতে এই খুনের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। রাত ৩টে থেকে সাড়ে ৩টে নাগাদ এই খুনের ঘটনা ঘটে। অভিযুক্তের নাম বিনোদ সিংহ। তিনি তাঁর স্ত্রী স্বপ্না সিংহকে পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করে। জানা যাচ্ছে, বিনোদ তার স্ত্রী স্বপ্নার কাছে ৪ হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করেছিলেন স্ত্রী। সেই নিয়েই রাত ১০টা নাগাদ শুরু হয় সমস্যা। সেি সময়ে এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দেন। তবে এরপরে রাত ৩টে নাগাদ হঠাৎ ঘরের দরজায় ধাক্কা দেয় বিনোদ। তাঁদের ছোট্ট মেয়ে ভেবেছিল, বাবা শুতে এসেছে। কিন্তু দরজা খুলে দেওয়ার পরেই সে সরাসরি ছুটি ঢুকিয়ে দেয় স্ত্রীর পেটে।
স্বপ্না বর্মণের আত্মীয়া বলছেন, 'বিনোদ নিজে কোনও কাজ করত না। স্ত্রীয়ের কাছে সবসময় টাকাপয়সা চাইত। স্বপ্নার পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না। সংসার চালিয়ে বাড়তি টাকা দেওয়ার মতো থাকত না। সেই কারণেই ওর ওপর অত্যাচার চালাত বিনোদ। স্বপ্নার কাজের জায়গায় গিয়েও অশান্তি করেছে, ওকে সন্দেহ ও করেছে। স্বপ্নার কাজ পর্যন্ত চলে গিয়েছে ওর জন্য। এবার ৪ হাজার টাকা চেয়েছিল স্বপ্নার থেকে, দিতে পারেনি। এরপরে রাত ৩টের সময় বিনোদ এসে দরজা ধাক্কা দেয়। মেয়ে দরজা খুলে দিলে ও সোজা গিয়ে ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এর আগেও মেরেছে, পায়ে মেরেছে। আমরা গিয়ে আটকেছি। তবে এইরকম ঘটনা যে ঘটে যাবে, ভাবতে পারিনি।'
