সুনীত হালদার, হাওড়া: গতকালই রাজ্যের নারী শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্তা দেন, মহিলাদের নির্ভয়ে কাজ করার জন্য। আর তারপরেই, উলুবেড়িয়া কালীনগর অঞ্চলের বিভিন্ন এলাকায়, চোলাই ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হলেন এলাকার মহিলারা। এবার চোলাই, জুয়া ও গাঁজার ঠেক বন্ধ করতে কোমর বেঁধে নামলেন মহিলারা। তাঁরা চোলাইয়ের ঠেক ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় প্রায় সমস্ত ঠেকেই। মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলের বেশ কিছু মহিলা জোটবদ্ধ হয়ে এবং লাঠি হাতে পশ্চিম কালীনগর এলাকায় চোলাই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে, চোলাই বিক্রি বন্ধের দাবি জানান। পাশাপাশি বাড়িতে মজুত থাকা সমস্ত চোলাই নষ্ট করে দেন মহিলারা।
নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, হাল ফেরাতে হাল ধরলেন মহিলারাই
ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলে দীর্ঘদিন ধরেই চোলাই বিক্রি হয়। বিভিন্ন ঠেকে এই চোলাই বিক্রি হয় এবং, সেই কারণেই এলাকায় বাইরের লোকেদের যাতায়াত বাড়ে। লেগে থাকে নিত্য অশান্তি ও! মঙ্গলবার অর্থাৎ গতকাল সন্ধ্যায়, উলুবেড়িয়ার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলের বেশ কিছু মহিলা জোটবদ্ধ হয়ে এবং লাঠি হাতে পশ্চিম কালীনগর এলাকায় চোলাই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে চোলাই বিক্রি বন্ধের দাবি জানান। পাশাপাশি বাড়িতে মজুত থাকা চোলাই নষ্ট করে দেন মহিলারা। মদের ঠেকগুলিতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার মহিলাদের অভিযোগ, এইভাবে এলাকার মধ্যে চোলাই বিক্রির কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ছোট থেকে বড়, অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছেন। সেই কারণেই চোলাইয়ের ঠেক ভাঙার জন্য সংঘবদ্ধ হয়েছিলেন মহিলারাই।
ওই এলাকার মহিলাদের অভিযোগ, চোলাইয়ের পাশাপাশি জুয়া, গাঁজা বিক্রির কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ছোট ছোট শিশুরা পর্যন্ত মাদকে আসক্ত হয়ে পড়ছে। এলাকার পুরুষেরাও নেশা করে, তাঁদের স্ত্রীদের ওপর অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ। ফলে পরিবারে চরম অশান্তি লেগেই রয়েছে। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে উলুবেড়িয়া থানার পুলিশের নাকের ডগায় রমরমিয়ে ব্যবসা চললেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই তাঁরাই পথে নেমেছেন। মহিলারা কার্যত হুঁশিয়ারির সুরে জানান, আজ চোলাই ব্যবসায়ীদের বাড়িতে এসে তাঁদের সতর্ক করে গেলেন। কিন্তু এই হুঁশিয়ারিতে যদি কাজ না হয়, তাহলে জোটবদ্ধ হয়ে সমস্ত চোলাইয়ের ঠেক ভেঙে দেবেন, এবং এলাকায় এই ধরনের অসামাজিক কাজের বিরুদ্ধে লাগাতার প্রতিরোধ গড়ে তুলবেন।
