কলকাতা: ভোটের মুখে মাত্র মাসখানেক আগে গড়েছিলেন দল। ভোটের আগেই বিতর্কে জড়িয়েছিল তাঁর নামও। তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (West Bengal Election Result) শুরু হতেই উচ্ছ্বাসে ভাসলেন হুমায়ুন কবীর। আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) চেয়ারম্যান তথা AJUP প্রার্থী হুমায়ুন কবীর (Humayun Kabir) মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা, দুই বিভানসভা কেন্দ্র থেকেই জয়ী হলেন। 

Continues below advertisement

১৫ রাউন্ড গণনার পর রেজিনগরে ভারতীয় জনতা পার্টির বাপন ঘোষকে ৫৮৮৭৬ ভোটে পরাজিত করে জয়ী হলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন। হুমায়নের প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৩৫৩৬। অপরদিকে, নওদা কেন্দ্রে ২৭৯৪৩ ভোটে ভারতীয় জনতা পার্টির রানা মণ্ডলকে পরাজিত করে জিতলেন হুমায়ুন কবীর। ২১ রাউন্ড ভোট গণনার পর তাঁর প্রাপ্ত মোট ভোটসংখ্যা ৮৬৪৬৩। 

আরও পড়ুন:- নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছিল নাম, মেখলিগঞ্জে পরাজিত সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী

Continues below advertisement

সরকার গঠনে তাঁর বড় প্রভাব থাকবে বলে বারংবার দাবি করে এসেছিলেন হুমায়ুন কবীর। সকাল থেকেই এক এক রাউন্ডে গণনার হচ্ছিল আর হুমায়নের জয়ের সম্ভাবনা একটু একটু করে বাড়ছিল। শেষমেশ সেই সম্ভাবনাই এবার সত্যি হল। হুমায়ুন অবশ্য এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আগেই জানিয়ে দিয়েছিলেন মানুষ তাঁদের পছন্দই করছেন। 

হুমায়ুন কবীর বলেন, 'মানুষ আমাদের পছন্দ করেছেন, আমাদের অধিকার দিয়েছেন। প্রচারেই আমি আভাস পেয়েছিলাম। অনেক বিরোধিতা, অপপ্রচার সহ্য করেছি। তৃণমূল কংগ্রেসের হুমকি উপেক্ষা করেছি। নওদা ও রেজিনগর, ২টি জায়গাতেই আমি জিতছি।' তবে হুমায়ুন কবীর ছাড়া, তাঁর দলের বাকি প্রার্থীরা খাতাই খুলতে পারেননি। এই বিষয়ে হুমায়ুন কবীর বলছেন, 'এখনও লড়াই জারি রয়েছে, দেখা যাক না কী হয়। রেজিনগরে তৃণমূলের প্রার্থী তৃতীয়তে চলে গিয়েছে। বিজেপির সঙ্গে আমার লড়াই হচ্ছে। নওদাতেও আশা করছি, আমিই জিতব।' হুমায়ুন আরও বলেন, ৪ দিন আগেও তৃণমূল কংগ্রেস বলেছিল, '১২টা সিট জিতছে। এখন সেই জায়গায় তারা আছে কি না, আমার জানা নেই।'

তিনি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে আরও জানান, 'দুই সিটেই জিতেছি। পশ্চিমবঙ্গর রাজনীতি এই প্রথমবার এমনটা হল যে দুই সিটে লড়েই দুইটোতেই জয়ের জন্য লোকের সমর্থন, আশীর্বাদ, দোওয়া পেয়েছি। আমার রেজিনগর ও নওদার লোকেদের শুভেচ্ছা জানাব।'

তবে আজুপ এই দুই কেন্দ্রে জিতলেও, বঙ্গে কিন্তু ২০২৬-এ বিজেপি ঝড় দেখা গিয়েছে। ১৫ বছর পরে ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। নিঃশব্দে পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। আপাতত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ২০৪টি সিটে এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে। ২৯৩-এর মধ্যে মাত্র ৮৩ সিটে এগিয়ে বা জয়ী তৃণমূল। ভবানীপুরে মমতা-শুভেন্দু জোর টক্কর। ৫ হাজার ৩৪৯ ভোটে এগিয়ে মমতা।