ভাঙড় : "আমি আবার বলছি, সওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছেন।" আরাবুল ইসলামের নিশানায় এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সওকত মোল্লা। গতকালই তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দেখা যায়, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করা হয়েছে। কিন্তু, সওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলে সরব হয়েছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্ব থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপর আজও এলাকায় উত্তেজনা রয়েছে। 

Continues below advertisement

এদিকে সওকতের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আরাবুল বলেন, "ভাঙড়ে এসে যদি বহিরাগত না হন, তাহলে বাহারুর কীভাবে বহিরাগত হচ্ছে ? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই নাটকটা সওকত মোল্লা করছেন। যখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সওকত মোল্লা দেখছেন, ভাঙড়ে হার নিশ্চিত। তা জেনে অফিসে বসে কান্নাকাটি করছেন, আর দলের লোকেদের বলে দিচ্ছেন তোরা বিক্ষোভ কর, আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। দলে দলে হচ্ছে। এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং-ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আমি আবার বলছি, সওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছেন। আমরা খবর পাচ্ছি, প্রচণ্ডভাবে কান্নাকাটি করছেন। তার মানে যাতে ভাঙড়টা আমার সরিয়ে ক্যানিংয়ে দেওয়া হয়। নৌশাদ সিদ্দিকি লক্ষাধিক ভোটে জিতবেন। সওকত মোল্লা এটা জেনে গেছেন। তার সঙ্গে মানুষ নেই। তার সঙ্গে কোনও জনগণ নেই। যে ক'টা নেতা করেকম্মে খান, সেই ক'টা আছেন।"

এদিকে আরাবুল ইসলামের পাশে দাঁড়িয়ে সওকত মোল্লাকে আক্রমণ করেছেন কাইজার আহমেদ। সওকতের সঙ্গে বিজেপির যোগাযোগের অভিযোগ তুলেছেন তিনি। 'আমার অবস্থান কী, ১৯ তারিখের মধ্যে জানিয়ে দেব' বলে মন্তব্য করেন তিনি। দলীয় প্রার্থীকেই আক্রমণে তৃণমূল নেতা কাইজার। তিনি বলেন, "আরাবুলদা কী করবেন... দলের কাছে আবেদন নিবেদন করে জায়গা পাননি। দল ওঁকে গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে..উনি তো রাজনীতির লোক। অনেক দিন থেকে রাজনীতি করছেন। শেষ বয়সে একটা চান্স নিয়েছেন। যে আর একবার এমএলএ হব। সেইজন্য দিয়েছে হয়তো। সওকতও তো বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছিলেন। হেরে গেলেও বিজেপিতে চলে যাবেন। যদি সরকার চেঞ্জ হয়। এটা আমার কাছেও খবর আছে। আর কিছুদিন যাক। এক-দু'দিন যাক, তারপর আমি জানিয়ে দেব। ১৯ তারিখের মধ্যে জানিয়ে দেব আমার স্ট্যান্ড কী আছে।"

Continues below advertisement