শিবাশিস মৌলিক, কলকাতা : জামিন পেতেই টিকিট! ছাড়া পাওয়ার পর ২৪ ঘণ্টাও কাটল না,বিজেপির টিকিট পেলেন রাকেশ সিং। তাও আবার রাজ্যের মন্ত্রী ও বিদায়ী তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের কেন্দ্র  কলকাতা বন্দর থেকে। মঙ্গলবার জেল থেকে বেরোতেই কার্যত হুঙ্কার দেন রাকেশ । বলেন, কলকাতা পোর্টের দাউদ ইব্রাহিম,মিনি পাকিস্তানের দাউদ ইব্রাহিমকে হারাব !  পশ্চিমবঙ্গে মোট বিধানসভা কেন্দ্রের (West Bengal Assembly Election 2026) সংখ্যা ২৯৪। এর মধ্যে মোট ৫টি তালিকার মাধ্যমে বিজেপি আগেই ২৯৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। বাকি ছিল শুধুমাত্র কলকাতা বন্দর আসন। 

Continues below advertisement

কেন গ্রেফতার হয়েছিলেন রাকেশ সিং

গত বছর অক্টোবরেই গ্রেফতার হন রাকেশ সিং ( Rakesh Singh ) । তাঁর বিরুদ্ধে গুন্ডামি, মারধর, হামলা চালানোর অভিযোগ ছিল। সেই সব অভিযোগের প্রেক্ষিতেই বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হয়। কসবা থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় তাঁর ছেলে শুভম সিং এবং তাঁর মেয়ে সিমরন সিংকেও। অভিযোগ ছিল, কসবার একটি বহুতলে অন্যের ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং।  রবিবার, ফ্ল্য়াটের মালিক চন্দু খান ও তাঁর ছেলে সপ্তর্ষি খান ওই ফ্ল্য়াটে যান। অভিযোগ, তাঁদের উপর চড়াও হন বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর পরিবারের সদস্যরা। এরপরই কসবা থানায় রাকেশ সিং ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই পরিবার।  এরপর তাঁদের গ্রেফতার করে কসবা থানার পুলিশ। 

Continues below advertisement

মাদককাণ্ডে গ্রেফতার

এর আগে প্রদেশ কংগ্রেস অফিসে হামলার ঘটনায় গ্রেফতার হন রাকেশ সিং। ট্যাংরায় আত্মীয়ের ফ্ল্যাট থেকে বিজেপি নেতাকে পাকড়াও করা হয়। তারও আগে ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং। পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর দুই ছেলেকেও। 

রাকেশের দলবদল

রাকেশ সিং ২০১৯ সালের ১১ মার্চ দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।  কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে  যোগ দিয়েছিলেন তিনি। 

BJP র প্রার্থী তালিকা বিক্ষোভ 

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় উঠে আসছে অসন্তোষের ছবি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে পদ্ম শিবিরের একাংশ। ভোটের মুখে বিজেপি বিদ্ধ কোন্দল কাঁটায়, এভাবেই কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা বিজেপির অভিযোগ, অনেকক্ষেত্রেই পিছনে রয়েছে তৃণমূলের চক্রান্ত।