কলকাতা: SIR-র প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। চলতি সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে বলে এর আগে জানা গিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৪ লক্ষ মানুষ SIR তালিকায় 'বিবেচনাধীন'। (SIR in West Bengal)
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। কিন্তু সেই তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের নিষ্পত্তি কবে হবে, তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্ন ছিল গোড়া থেকেই। সেই আবহে চলতি সপ্তাহের শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে পারে বলে জানা যায়। যে ২৪ লক্ষের নিষ্পত্তি হয়নি এখনও পর্যন্ত, তার মধ্যে ৮ লক্ষের নাম বাদ যেতে পারে বলেও কমিশন সূত্রে উঠে আসে। কিন্তু নতুন করে ফের অনিশ্চয়তা দেখা দিল। (Bengal SIR Supplementary List)
বৃহস্পতিবার হাইকোর্টে বৈঠকের পর নতুন করে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। ওই বৈঠক শেষ হতেই CEO দফতরে পৌঁছন মুখ্যসচিব এবং DGP. তাঁরাও বৈঠকে বসেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বের করা যায়নি বলে খবর। এদিন হাইকোর্টে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়। সাপ্লিমেন্টারি তালিকা বেরোলে বিভিন্ন জেলায় কর্মরত জুডিশিয়ার অফিসারদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে পারে বলেও উদ্বেগ দেখা দেয়। সেই নিয়ে কথা হয় বৈঠকে।
এদিন সকালের পর বিকেলেও একদফা বৈঠক হয় হাইকোর্টে। মুখ্য নির্বাচনী আধিকারিক ছুটে যান প্রধান বিচারপতির কাছে। নিজের দফতরে ফিরে আবারও মুখ্যসচিব এবং DGP-র সঙ্গে বৈঠক শুরু করেছেন তিনি। সামনে ইদ, তাই উৎসবের মরশুমে, কাল বা পরশু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে সমস্যা হতে পারে বলেও মনে করা হচ্ছে। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সব দিক ঠিক থাকলে তবেই সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে বলে জানা যাচ্ছে।
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিষয়টি পুরোপুরি হাইকোর্টের দিকে ঠেলে দিয়েছে কমিশন। কারণ ভোর ৩টের সময়ই সফ্টওয়্যার হাইকোর্টে পৌঁছে যায়। হাইকোর্টের নির্দেশ পেলে সেই সফ্টওয়্যারের মাধ্যমে, ছ'ঘণ্টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে বলে জানা গিয়েছিল। এখনও বৈঠক চলছে। শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তাকিয়ে সকলেই।
