কলকাতা : ভোটপর্ব শেষ হতেই ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল গড়িয়ার পঞ্চসায়র এলাকায়। যাদবপুর বিধানসভার অন্তর্গত ১৫৩ নম্বর বুথ এলাকায় বিজেপি এজেন্টের অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Continues below advertisement

যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট শান্তনু সরকার। গড়িয়ার পঞ্চসায়রে এই হল তাঁর নির্মাণ সংস্থার অফিস। সেখানেই হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাচ। পরিচয় লুকোতে হামলাকারীরা কোথাও সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তনু সরকারের স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। শান্তনু সরকার জানালেন, 'আমার জন্য ওয়েট করছিল, বেরোলে মারবে। মিসেস-এর গাড়ির উপর ফার্স্ট বুথের ওখানে অ্যাটাক হয়।  রাতে খবর পাই আমার অফিসে অ্যাটাক হয়েছে। আমাদের এখানে কাউন্সিলর যিনি আছেন, অনন্যা ব্যানার্জি, উনিও উপস্থিত ছিলেন।' 

বিজেপি এজেন্ট ও কর্মীর অভিযোগ,   শতাধিক লোকজন  এলাকায় দল বেঁধে ঢুকে এই হামলা চালায়। পাশের এক বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় বলে দাবি। জানা গিয়েছে, হামলার সময় প্রশান্ত ঘোষ বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়।

Continues below advertisement

এছাড়াও হামলাকারীরা নিজেদের পরিচয় গোপন রাখতে আশেপাশের আরও একটি বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অভিযোগ করেছেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। ভিত্তিহীন অভিযোগ বলে তা উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ( Ananya Bandyopadhyay)। তাঁর দাবি, তৃণমূলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনকে তাঁরা বিষয়টি জানাবেন। জানিয়েছেন বিজেপির পোলিং এজেন্ট।   

 আরও পড়ুন :  'একদল লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা' কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ-মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক