মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: ভোটের দামামা বেজে গিয়েছে। দিকে দিকে প্রার্থীরা প্রচার সারছেন জোরকদমে। আর কোথাও কোথাও অভিনব প্রচার পদ্ধতিতে ছক ভাঙছেন অনেকেই। পশ্চিমবঙ্গে দিকে দিকে অবাক করা সব প্রচারের ছবি সামনে আসছে। তেমনই অবাক করা ছবি দেখা গেল মাদারগঞ্জ এলাকায়। প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন, কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বাড়ি বাড়ি গিয়ে সারছেন জনসংযোগ। আর সেই প্রচার করতে বেরিয়েই, স্থানীয় শ্রমিকদের সঙ্গে নির্মাণকার্যে ও হাত লাগালেন তিনি!

Continues below advertisement

নির্বাচনকে মাথায় রেখে প্রচার চালাচ্ছেন সব প্রার্থীই। সোমবার সকাল থেকেই বিধানসভার একাধিক এলাকায় জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায়, কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। দারগঞ্জ, পাইকপাড়া এবং দাশুল এই তিনটি এলাকায় দিনভর প্রচার চালান তিনি, আর সেই প্রচার চলাকালীনই ধরা পড়ল, অন্যরকম এক ছবি! এদিন সকালে মাদারগঞ্জ এলাকায় পৌঁছে শুধুমাত্র ভোটের প্রচার করেই ক্ষান্ত হননি বিজেপি প্রার্থী।  স্থানীয় নির্মাণ শ্রমিকদের সঙ্গে হাত লাগিয়ে কাজে লেগে পড়েন তিনি। দলের লোকেদের মত, স্থানীয় মানুষদের জীবনযাত্রার সঙ্গে মিলে যেতেই এই পদক্ষেপ। এরপর মোটরসাইকেলে চেপে বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালান তিনি। তবে শুধু মোটরসাইকেলেই নয়, গ্রামের ভেতরের সরু ও কাঁচা রাস্তাগুলিতে পৌঁছতে, সাইকেলও ব্যবহার করতে দেখা যায় শুভেন্দু সরকারকে। কোথাও কোথাও আবার হেঁটেও প্রচার করেছেন তিনি, যাতে প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। এবারে জয়ের ব্যাপারে আশাবাদী শুভেন্দু সরকার।

অন্যদিকে মালদায় প্রচারে বেরিয়ে চাষিদের সঙ্গে আলু তুলেছিলেন বিজেপি প্রার্থী। এবার পুরশুড়ায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন বিজেপি প্রার্থী। পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টেনেছেন। চাষিরা ফসল ফলিয়ে দাম পাচ্ছেন না। তাই লাঙল টেনে চাষিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফসলের দাম না থাকার ব্যাপারে প্রতিবাদও জানান বিজেপি প্রার্থীর। 

Continues below advertisement

অন্যদিকে, হুগলির পুরশুড়ায় তৃণমূল প্রার্থীরও অভিনব প্রচার দেখা গিয়েছে। আর এভাবে অভিনব প্রচারের মাধ্যমেই ভোটারদের বার্তাও দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এরপর আবার রান্নাতেও সাহায্য করেন তিনি। এর আগে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকেও দেখা গিয়েছে ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন তিনি। বাড়ির লোকের মতোই চেয়ে-চিন্তা মাছ-ভাতও খেয়েছেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপ-আলোচনা করতেও দেখা গিয়েছে নির্মল মাজিকে।