কোচবিহার: নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারবার করেই লক্ষ্মীর ভাণ্ডারকে অস্ত্র করেছেন। পাঁচশো টাকা দিয়ে শুরু করে বর্তমানে দেড় হাজার টাকা করে প্রতি মাসে বাংলার প্রতিটি ঘরের মহিলাদের অ্য়াকাউন্টে পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে রবিবার কোচবিহারে নরেন্দ্র মোদির সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য। সরকার বদলের ডাক দিয়ে বিজেপির রাজ্য সভাপতি মঞ্চ থেকে বার্তা দিলেন আগামী জুন থেকেই নতুন সরকার প্রত্যেক মাসে প্রতি মহিলার অ্য়াকাউন্টে ৩ হাজার টাকা করে দেবে। 

Continues below advertisement

এদিন তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে শমীক বলেন, ''যাঁর বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে। আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা। আমরা বারবার বলেছি যে যে কোনও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকল্প, আমাদের কর্তব্য। যাঁর টাকা আছে তাঁর ছেলে বড় স্কুলে পড়বে। যাঁর বেশি পয়সা আছে, সে দামি হাসপাতালে চিকিৎসা করবে। কিন্তু যাঁর কিছু নেই, তার জন্য আছে বিজেপি সরকার।''

এরপরই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের কথা উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ''লক্ষ্মীর ভাণ্ডার ১৫০০ টাকা। আর বাড়াতে পারছে না। লক্ষ্মী হাত তুলে নিয়েছে। এত গুলি, এত বোমার মধ্য়ে দিয়ে লক্ষ্মীছাড়া হয়ে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন যে এই সরকারকে বদলে দেবে। এই সরকার বদলে দিলেও কোনও জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর মা আসছে অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর ১৫০০ নয়, এবার ৩ হাজার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদির গ্যারান্টি। যার গ্যারান্টি মুখের গ্যারান্টি নয়। আসমুদ্র হিমাচলের মানুষ যাঁর ওপর বিশ্বাস করেন, তিনিই নরেন্দ্র মোদি।'' এদিন কোচবিহারের সভা থেকে শমীক ভট্টাচার্য আরও বলেন, এই নির্বাচন দেশের নিরাপত্তা সুরক্ষিত করার নির্বাচন।

Continues below advertisement

এদিকে এদিনের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, ''মা-বোনেদের বলব, বিজেপি আপনাদের সম্মান-সমৃদ্ধির জন্য রয়েছে। বিজেপি সরকার এলে মহিলাদের উন্নতি হবে, এটা আমাদের ট্র্যাক রেকর্ড। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আইন বানিয়েছে। ২০২৯ সালে লোকসভা নির্বাচনে এর উপকার মিলবে মহিলাদের। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিলের জন্য ১৬, ১৭, ১৮ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার।''