কলকাতা : তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরও পদ্মে প্রার্থী ক্ষোভ চলছেই। ফের সল্টলেকে রাজ্য দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ। চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে মানছি না স্লোগান তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সার্ভের ফলাফল না দেখেই প্রার্থী করা হয়েছে তাঁকে। দীপাঞ্জন বহিরাগত, স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, "তৃণমূলের দালাল দীপাঞ্জন গুহ আমাদের হারিয়েছেন।"
দিনকয়েক আগে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই আবহে সল্টলেকে বিজেপির সদর দফতরে প্রার্থী বিক্ষোভ শুরু হয়। বলাগড় ও বাদুরিয়ার প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির একাংশ। 'বলাগড় বিধানসভায় সুমনা সরকারকে মানছি না মানব না', লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন, কাগজ নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা। তাঁদের বক্তব্য ছিল, তৃণমূল থেকে আসা একজন নেত্রী সুমনা সরকারকে দল টিকিট দিয়েছে। বিক্ষুব্ধদের অভিযোগ ছিল, ওই প্রার্থী দুর্নীতিগ্রস্ত। তাঁর বদলে বিজেপির কোনও পুরনো কর্মী বা বুথ সভাপতিকে টিকিট দেওয়া হোক।
কী কারণে সুমনা সরকারকে মানছেন না ? শুধুমাত্র তৃণমূল থেকে এসেছেন বলে ? এই প্রশ্নের উত্তরে বিক্ষোভ দেখানো এক বিজেপি কর্মী বলেছিলেন, "শুধু তৃণমূল থেকে নয়। উনি যখন তৃণমূলে ছিলেন, তখন অত্যাচার করেছেন। আমরা পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, ওঁর গুণ্ডাবাহিনী আমাদের পিচ রাস্তায় ফেলে টেনেছে। কাঠচেরাই কল থেকে ব্যাটন বের করে আমাদের মেরে তাড়িয়ে দিয়েছে। আমাদের নমিনেশন ফাইল করতে দেয়নি। এ প্রসঙ্গে জেলা সভাপতিকে জানানো হয়েছে। উনি বলেছেন আমার হাত নেই। আপনি যদি বলেন, আমি রিজাইন দিয়ে দেব। আমার কোনও হাত নেই। ওপর থেকে হয়েছে। জেলা সভাপতি বলেছেন। আমি রিজাইন দিয়ে দেব। আমার কথায় কাজ হয়নি। এরজন্য জেলা সভাপতি রিজাইন দিচ্ছেন। " BJP News
কিন্তু আপনারা তো দলের পুরনো কর্মী বলছেন, আপনাদের কথা দল শুনছে না ? উত্তরে বিক্ষুব্ধ এক মহিলা কর্মী বলেছিলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোনও টিএমসি থেকে আসা প্রার্থীকে আমরা মেনে নেব না।" কিন্তু, বিরোধী দলনেতাও তো তৃণমূল থেকে এসেছেন ? তার উত্তরে তিনি বলেন, "আসুক না। উনি কারো ওপর অত্যাচার করেননি। উনি বুথে বুথে কারো মাথায় বন্দুক ঠেকাননি। উনি আমাদের কাছে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। মানুষের ভালবাসায় শুভেন্দুদা জনপ্রিয় হয়ে উঠেছেন। আজ আপনারা যান, বলাগড়ে ঢুকুন...দায়িত্ব নিয়ে বলছি, বলাগড়ে গিয়ে জিজ্ঞাসা করুন সুমনা সরকার কেমন মানুষ।"
