কলকাতা: পশ্চিমবঙ্গে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। আর এবার সেই দিকে নজর রেখেই কড়া নির্বাচন কমিশন। অন্যদিকে, নির্বাচনের কাজে সিবিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে ব্যবহার করা যাবে না, আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে আসা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার আরও বাহিনী পাঠানোর কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিল কমিশন।
জানা গিয়েছে, আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। আগেই ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় আসার কথা ছিল পশ্চিমবঙ্গে। তার মধ্যে অনেক বাহিনী এসে গিয়েছে। আবার অনেক বাহিনী আসা এখনও বাকি রয়েছে। আর এর মধ্যেই জানা গিয়েছে আরও ১৫০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। ইতিমধ্যেই অতিরিক্ত এই বাহিনী পাঠানোর কথা মাথায় রেখে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নির্বাচন কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশ একেবারে ব্যবহার করা যাবে না। এ ছাড়াও নির্বাচনের আগের ৩ দিন ও পরের দিন ইউনিফর্ম পরে ডিউটি করতে পারবেন না সিভিক ভলান্টিয়ার।
এই ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি বলছেন, "ওরা যা যা করছে তাতে বাকি রয়েছে শুধু রাষ্ট্র সঙ্ঘ থেকে বাহিনী নিয়ে আসা। তা সেটাও করে ফেলুক না। আপনি যা ইচ্ছা করুন। দিনের শেষে বিজেপি হারবে।"
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, "এ তো প্রতিবারই বলা হয়। কিন্তু তৃণমূল শোনে কই? তবে এবার মনে হয় শুনছে। কারণ, এবারে তৃণমূলের য শরীরী ভাষা ও নেতাদের থেকে যা বক্তব্য আসছে তাতে এর বুঝে গিয়েছে ভোটটা ২০১১ -এর থেকেও বেশি টাইট হবে।"
ইতিমধ্যে গতকালই তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল কমিশনের সঙ্গে। সেখান থেকে তাঁরা বেরোনোর পরই কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন হবে হিংসা মুক্ত, ভয় হীন।
